গাইবান্ধায় মা খুন, ছেলে আটক
গাইবান্ধায় পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, পৌর এলাকার মুন্সীপাড়ায় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের ছেলেকে আটক করেছে।
নিহত পারভিন বুলবুল ডলি (৪২) ওই এলাকার ব্যবসায়ী আখতার আমিন বাবলার স্ত্রী। এ সময় বাবলাও আহত হন।
সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী সাংবাদিকদের জানান, পারিবারিক বিরোধের জেরে ছেলে আরিফ ইমতিয়াজ আকাশ (২২) ভোরে শয়নকক্ষে ঢুকে বাবাকে ছুরিকাঘাত করে।
এ সময় পারভিন স্বামীকে বাঁচাতে আসলে তাকেও ছুরিকাঘাত করে আকাশ পালিয়ে যায়।
ওসি জানান, পরে স্বামী-স্ত্রীকে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে পারভীনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পরে শহরের কুঠিপাড়া এলাকা থেকে আকাশকে আটক করা হয় বলে জানান ওসি।
