‘অনেক চিৎকার করেছি, কেউ শোনেনি’
সতের দিন মৃত্যুর কাছে থেকেও বেঁচে ফিরেছেন দিনাজপুরের মেয়ে রেশমা বেগম। ধ্বংসস্তূপের নিচে চিৎকার করে ডেকেছেন। পৌঁছেনি শব্দ। উদ্ধারেও আসেননি কেউ।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে দিনাজপুর জেলার ঘোড়াঘাটের মেয়ে রেশমাকে বিস্ময়করভাবে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে নেয় হয় সিএমএইচে।
চিকিৎসকদের কাছে রেশমা শ্বাস-প্রশ্বাসে তার কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন।
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে সাংবাদিকদের রেশমা বলেন, “নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ... অনেক কষ্ট করে লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে চিপা দিয়ে নিচে নামছি। অনেক চিৎকার করেছি... কেউ শুনতে পায়নি।”
তিনি জানিয়েছেন, দীর্ঘ ১৫ দিন ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা শুকনো খাবার খেয়ে বেঁচে ছিলেন। কিন্তু গত দুই দিন কোনো খাবার পাননি।
চিকিৎসকরা জানিয়েছেন, রেশমা এখন আশঙ্কামুক্ত।
উদ্ধার কার্যক্রম শুরুর ১১০ ঘণ্টা পর গত ২৮ এপ্রিল জীবিত কাউকে উদ্ধারের আশা ছেড়ে দিয়ে ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরুর ঘোষণা দেন অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী।
সেদিন পর্যন্ত ৩৩৭ জনের লাশ উদ্ধার করা হলেও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অভিযান শুরুর পর শুক্রবার নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।
