২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের রেশমা ছিলেন তৃতীয় তলায়

চারশ’ ঘণ্টা পর সাভারে ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া রেশমার বাড়ি দিনাজপুরে। ধসের সময় তিন তলার নিউ ওয়েভ বটমস কারখানায় কাপড়ের স্তূপে চাপা পড়েছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 12:25 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে রেশমাকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় সিএমএইচে।

সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানান, সাভারের ভবন ধসের সময় রেশমা রানা প্লাজার তৃতীয় তলার পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ধসের সময় তার সঙ্গে আরো তিন পোশাক শ্রমিক ছিলেন, যাদেরকে পরে মৃত উদ্ধার করা হয়েছে।

রেশমার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাটে বলেও জানান তিনি।

রেশমা নামে একজনের উদ্ধারের খবর পেয়ে নিজেদের স্বজন দাবি করে দুই জন ছুটে যান সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে।

এর মধ্যে রেশমাকে নিজেদের বোন দাবি করে আসমা জানান, তাদের বাড়ি দিনাজপুরে। রেশমার স্বামীর নাম রাজ্জাক। আর রাজবাড়ি থেকে আরেকজনও এসেছিলেন, যিনি রেশমাকে নিজের খালা দাবি করেছিলেন।

এদিকে রেশমাকে জীবিত উদ্ধারের খবর জানতে পেরে সংজ্ঞা হারিয়ে ফেলেন তার মা জোবেদা খাতুন। পরে তাকে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নিখোঁজ সন্তানের অপেক্ষায় ভবন ধসের পর থেকেই সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ছিলেন তিনি।

সংজ্ঞা ফিরে পাওয়ার পর হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জোবেদা বলেন, মেয়ে আসমা, তার স্বামী শহিদুল ইসলামসহ তিনি ভবন ধসে পড়ার দিন থেকেই স্কুল মাঠে রয়েছেন।

রেশমার বাবার নাম আনসার আলী। ঘোড়াঘাট উপজেলার কাঠিগাতি এলাকায় তাদের বাড়ি।

তিনি জানান, রেশমা সাভার বাজার রোডের মনসুরুল আলম নুরুর বাড়িতে ভাড়া থাকতেন। স্বামী সবুজ মিয়ার সঙ্গে আড়াই বছর আগে ওই বাসায় ওঠেন। তবে বছরখানেক আগে স্বামীর সঙ্গে রেশমার ছাড়াছাড়ি হয়ে গেছে। এরপর থেকে মেয়ে ওই বাসায় একাই থাকতেন।

ভবন ধসের মাসেই রানা প্লাজার তৃতীয় তলার নিউ ওয়েভ বটমসে রেশমা কাজ নিয়েছিল বলেও জানান তিনি।

গত ২৪ এপ্রিল সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন নয় তলা রানা প্লাজা ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড, রেড ক্রিসেন্টসহ  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন।

উদ্ধার কার্যক্রম শুরুর ১১০ ঘণ্টা পর গত ২৮ এপ্রিল জীবিত কাউকে উদ্ধারের আশা ছেড়ে দিয়ে ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরুর ঘোষণা দেন অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী।

সেদিন পর্যন্ত ৩৩৭ জনের লাশ উদ্ধার করা হলেও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অভিযান শুরুর পর শুক্রবার নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।