সাভারে কারখানায় ফাটল, বন্ধ ঘোষণা
সাভারে একটি পোশাক কারখানা ভবনে ফাটল দেখা দেয়ায় তা বন্ধ করে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার পৌর এলাকার উলাইল মহল্লায় প্রাইড গ্রুপের এইচআর টেক্সটাইল মিলস লিমিটেডে ফাটল দেখা দেয়।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনে ফাটল দেখা দেয়ায় শ্রমিকরা আতঙ্কে কারখানা ছেড়ে বেরিয়ে পড়েন।
পরে কারখানাটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
তবে বিজিএমইএর প্রকৌশলী দিয়ে পাঁচ তলা এই ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করাতে কারখানা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। এরপর ঝুঁকিপূর্ন না হলে কর্তৃপক্ষ কারখানাটি খুলতে পারবে বলেও তিনি জানান।
