২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার ফল পাবে এসএসসি পরীক্ষার্থীরা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করা হবে, যার অপেক্ষায় রয়েছেন সারা দেশের ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করবেন।

এ সময় দিনাজপুর জিলা স্কুল, গার্লস স্কুল ও নুরজাহান আলিয়া মাদ্রাসার পরীক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী।

পরে দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

দুই বছর আগে প্রথম জেএসসি-জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা নবম শ্রেণিতে উঠেছিল, তারাই এবার মাধ্যমিক পরীক্ষা দেয়। ৩ ফেব্রুয়ারি দেশের ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।

হরতালের কারণে এবার পাঁচ দিনের ৩৭টি বিষয়ের পরীক্ষা পেছাতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফল ঘোষণার দিনও হরতাল কর্মসূচি রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের।

গত বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮৬ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করে।আর জিপিএ-৫ পায় ৮২ হাজার ২১২ জন।

ফল জানা যাবে মোবাইলে

যে কোন মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসির ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।

ফল জানতে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।