২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাটল আতঙ্ক:  হুড়োহুড়িতে ৮ পোশাক শ্রমিক আহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক তৈরির কারখানার ভবনে ফাটল আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আট নারীশ্রমিক আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 11:45 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

বুধবার সকালে উপজেলার মৌচাক এলাকায় হাউড্রো অক্সসাইড নিটওয়্যার লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষ জানায়, সোয়েটার কারখানাটির চতুর্থ তলার দক্ষিণ পাশে সামান্য ফাটল দেখা দেয়। ফাটা স্থান বুয়েটের এক প্রকৌশলী দিয়ে পরীক্ষা করানো হয়। পরীক্ষার জন্য দেয়ালের পলেস্তারা তুলে কিছুটা ফাঁকও করেন প্রকৌশলী।

সকালে শ্রমিকরা এ দৃশ্য দেখে ৭ তলা ভবনটি ফেটে যাচ্ছে বলে গুজব ছড়িয়ে দেয়।

ভবন ফাটার গুজব অন্যান্য তলায় কর্মরত শ্রমিকের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকরা সকাল সাড়ে ১১টার দিকে হুড়োহুড়ি করে নামতে শুরু করে। এ সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আট নারীশ্রমিক আহত হয়।

পরে কারখানা কর্তপক্ষ একদিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।

কারখানার উৎপাদন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, শ্রমিকরা ফাটল আতঙ্ক ছড়িয়ে কারখানা থেকে বেরিয়ে যায়। ভবন ফাটলের কোন আশংকা নেই।

এ ঘটনার পর পুলিশ, র‌্যাবও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।