২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি কমিয়ে দেয়ায় গাজীপুরে শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুর সদর উপজেলায় একটি কারখানায় মজুরি কমিয়ে দেয়ায় শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মুখে একটি কারখানা ছুটি দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 11:01 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

বুধবার সকালে উপজেলার বড়বাড়ি ওয়াল্টস ফ্যাশনস লিমিটেড নামের সোয়েটার কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করলে দুপুরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেন।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, কারখানায় পূর্বের উৎপাদন মজুরি ৫০ টাকা থেকে কমিয়ে ৩৫ টাকা করে কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা আপত্তি করে।

বুধবার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। পরে দুপুরে কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে কারখানায় ছুটি ঘোষণা করেন বলে জানান গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশাররফ হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার থেকে যথারীতি কারখানা চলবে।