নয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ও ‘রাসায়নিকের’ একটি গুদামে আগুন ধরার নয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছেন দমকলকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গুদামটিতে আগুন লাগে। বুধবার ভোর ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ, ডেমরা ও পোস্তগোলা দমকল বাহিনীর ১০টি ইউনিট নেভানোর কাজ করে।
সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক কেএম সাইফুল ইসলাম বলেন, আগুন পুরোপুরি নেভানোর কাজ করছে দমকলের দুটি ইউনিট।
গুদামের ভেতরে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সুত্রপাত হতে পারে জানিয়ে দমকল কর্মকর্তা বলেন, গুদামে রাসায়নিক থাকায় আগুন সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি সোলায়মানের গুদামটি ভাড়া নিয়েছিলেন ব্যবসায়ী শহীদুল্লাহ।
গুদামে তার থ্রেড লিংক নামের ব্যবসা প্রতিষ্ঠানের তুলা, সুতা, মোম ছাড়াও প্রচুর পরিমাণ রাসায়নিক, ডাল ও ভুষি মজুদ ছিল।
তবে, থ্রেড লিংক এর ব্যবস্থাপক মিথুন গুদামে রাসায়নিক রাখার বিষয়টি অস্বীকার করেন।
আগুনে তাদের তিন থেকে চার কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানালেও দমকল কর্মকর্তারা এ ব্যাপারে কিছু জানাননি।
