২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার সমাবেশ করবে নারীরা

হেফাজতে ইসলামের ১৩ দফা প্রত্যাখ্যান করে তাদের প্রতিরোধে ১১ মে শনিবার সমাবেশ করবে নারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 05:43 PM

Updated : 25 Apr 2022, 06:42 PM

রাজধানীর তোপখানা রোডে বিকাল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাহমিনা ইয়াসমিন, যিনি এই সমাবেশের সংগঠকদের অন্যতম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবাদী নারী গণসমাবেশের কার্যকরী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আগামী শনিবার এই গণসমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।

অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং নারী-পুরুষের সমতাভিত্তিক বাংলাদেশ চাই- এই দাবিতে গত ২৭ এপ্রিল এই সমাবেশ হওয়ার কথা ছিল।

তবে সাভারে ভবন ধসে পোশাক শিল্পের বিপুল সংখ্যক শ্রমিক হতাহতের ঘটনায় সমাবেশটি স্থগিত করা হয়। পরে ৯ মে ওই সমাবেশ করার ঘোষণা দিলেও এদিনে ১৮ দলের হরতাল কর্মসূচি থাকায় মঙ্গলবারের বৈঠকে তা পিছিয়ে শনিবার করার সিদ্ধান্ত নেয় আয়োজকরা।

গত ৬ মার্চ মতিঝিলে সমাবেশ করে ১৩ দফা দাবি উপস্থাপন করে হেফাজতে ইসলাম।

১৩ দফার চার নম্বর দাবিতে বলা হয় ‘ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্জ্বলনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে।’

এছাড়া ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করারও দাবি দেয় সংগঠনটি।