২৪৩টি পোশাক কারখানা ‘ঝুঁকিপূর্ণ’
সাভারের ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় দেশের পোশাক কারখানাগুলোর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মুখে ঢাকা ও এর আশপাশের ২৪৩ টি কারখানাকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হরা হয়েছে।
ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ৭৯৭টি পোশাক কারখানা পরিদর্শন শেষে এসব কারখানাকে অগ্নিনিরাপত্তার ক্ষেত্রে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
এসব কারখানার অগ্নিনিরাপত্তা দ্রুত নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়ে মালিকদের চিঠি পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারি পরিচালক (ওয়্যারহাউজ)খন্দকার শামসুজ্জোহা।
তিনি বলেন,“তাজরীর ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা ২০টি টিম গঠন করে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য প্রতিষ্ঠানগুলোর কারখানা পরিদর্শন করছি। অগ্নিনিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক খতিয়ে দেখে প্রতিষ্ঠানগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে।”
ইতিমধ্যে প্রায় আটশ কারখানা পরিদর্শন শেষে ২৪৩টি কারখানাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানান শামসুজ্জোহা।
তিনি বলেন, কারখানা পরিদর্শনের প্রতিবেদন ইতোমধ্যে স্বরাষ্ট ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে দেওয়া হয়েছে।
সাভার, আশুলিয়া, গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জের ৭৯৭টি কারখানা পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এর মধ্যে ‘এ’’ শ্রেণীভূক্ত বা ভাল অবস্থায় রয়েছে ১৩০টি কারখানা, ‘বি’ শ্রেণীভূক্ত বা সন্তোষজনক অবস্থায় থাকলেও উন্নয়নের সুযোগ রয়েছে এমন ৪২৪টি কারখানা এবং ‘সি’ শ্রেণীভুক্ত বা ঝুঁকিপূর্ণ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার এমন কারখানা রয়েছে ২৪৩টি।
পরিদর্শন করা কারখানার মধ্যে সাভারে ৬৪টি, আশুলিয়ায় ৩৫৫টি, গাজীপুরের ১৫টি, মিরপুরে ৫৫টি এবং নারায়ণগঞ্জের ৩০৮টি কারখানা রয়েছে।
এছাড়াও পরিদর্শনে কেরানীগঞ্জ ও পুরান ঢাকার স্থানীয় পোশাক প্রস্তুতকারী কয়েকশ কারখানাকে ঝুঁকিপূর্ণ পাওয়া গেছে, যেগুলোর কোনোটিরই ফায়ার লাইসেন্স এবং বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যপদ নেই।
