২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বব্স জিতলো তথ্যকল্যাণী

ডয়চে ভেলের অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ডের (দ্য বব্স) একটি বিভাগে পুরস্কার জিতেছে তথ্যকল্যাণী প্রকল্প।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 01:40 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

মঙ্গলবার আয়োজক ডয়চে ভেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সপ্তাহে  বার্লিনে এ প্রতিযোগিতার ১৫ সদস্যের বিচারকমণ্ডলির ভোটে দ্য ববসের গ্লোবাল মিডিয়া ফোরাম বিভাগে বিশ্বের ১৩টি ভাষার বিভিন্ন সামাজিক উদ্যোগকে  টপকে বিজয়ী হয় বাংলাদেশি প্রকল্প।

বেসরকারি উন্নয়ন সংস্থা ডি ডটনেটের তথ্যকল্যাণী প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা নিজ এলাকায় সাইকেল, ল্যাপটপ আর চিকিৎসা যন্ত্রপাতি নিয়ে গ্রামে ঘুরে ঘুরে লোকজনকে ইন্টারনেট-ভিত্তিক নানা ধরনের সেবা দিয়ে থাকেন।

এ সেবাদানকারীদের বলা হয় তথ্যকল্যাণী, যারা কৃষকদের বিভিন্ন তথ্য সেবা দেয়া থেকে শুরু করে নারীর আইনি অধিকার সম্পর্কে  সচেতনতা সৃষ্টি এবং স্বল্প পরিসরে বিভিন্ন স্বাস্থ্য সেবাও দেন।

এ কাজের জন্য তাদের দেয়া হয় একটি বাইসাইকেল, ল্যাপটপ এবং বিভিন্ন ছোটখাট চিকিৎসা উপকরণ। তাদের সহায়তায় রয়েছে ‘ইনফোসেন্টার’, যেখান থেকে মোবাইল, ইন্টারনেট এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করা হয়৷

বর্তমানে বাংলাদেশের সাতটি অঞ্চলে ৭৯ জন তথ্যকল্যাণী এ সেবা দিয়ে যাচ্ছেন বলে ডি ডটনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান জানিয়েছেন।

এবার এ প্রতিযোগিতায় সেরা ব্লগ পুরস্কার পেয়েছেন চীনের সেন্সরশিপ-বিরোধী আন্দোলনে নেতৃত্বে থাকা ব্লগার ও সাংবাদিক লি চেনপেং।

প্রতিযোগিতায় সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম বিভাগে মরক্কোর তরুণ প্রজন্মের  উদ্যোগ ‘৪৭৫ বিজয়ী হয়েছে। ফেসবুকে প্রচারণা চালিয়ে ধর্ষিতা নারীদের অধিকার আদায়ে জনমত তৈরিতে অবদান রাখায় তাদের এ পুরস্কার দেয়া হয়।

এছাড়া সেরা উদ্ভাবন বিভাগে চীনের ‘ফ্রিওয়াইবো ডট কম, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বিভাগে পশ্চিম আফ্রিকার দেশ টোগো-র মানবাধিকার কর্মী ফাবি কুয়াসি এবং সবচেয়ে সৃজনশীল ও মৌলিক উদ্যোগ বিভাগে ইংরেজি ব্লগ ‘মি অ্যান্ড মাই শ্যাডো’কে পুরস্কারের জন্য বেছে নেন বিচারকমণ্ডলি।

পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে এ প্রতিযোতিার সেরা উদ্ভাবন বিভাগে ইউজার প্রাইজ জয়ী হয়েছে শিক্ষক ডটকম প্রকল্প৷ সেরা বাংলা ব্লগ বিভাগে  শৈলী ও ‘বাংলা: সেরা অনুসরণযোগ্য’  বিভাগে সাইফ সামিরকে বেছে নিয়েছেন ইন্টারনেট গ্রাহকরা।

আগামী ১৭ থেকে ১৯ জুন জার্মানির বন শহরে ‍অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে দ্য বব্স এর জুরি অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে৷

ইন্টারনেটে কোনো ধরনের সেন্সরশিপ ছাড়া মত প্রকাশের অধিকার রক্ষার লক্ষ্যে ২০০৪ সাল থেকে ‘দ্য বব্স-বেস্ট অব অনলাইন অ্যাক্টিভিজম’ পুরস্কার দিয়ে আসছে ডয়চে ভেলে।