২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে সাভারের উদ্ধারকর্মীর রহস্যজনক মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে যিনি সাভারে রানা প্লাজা ধসের পর উদ্ধার কাজে ঝাপিয়ে পড়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 12:52 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

নিহত ওমর ফারুখ বাবু (২৬) পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি। তিনি বরিশালের নওসিটি উপজেলার শাহীপাখিয়া গ্রামের প্রয়াত মো. হাসানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের কলাপসিবল গেটের ভেতরে একটি ট্রলির ওপর ফারুখের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।

শাহবাগ থানার এসআই সোহেল রানা বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নিশ্চিত হয়েছি ফারুখ রানা প্লাজায় উদ্ধার কাজ করছিলেন। এক পর্যায়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করে।”

নিহতের পরিবারের দাবি রানা প্লাজা ধসের প্রথম দিন থেকেই সাভারের রাজআসন এলাকার বাসিন্দা ফারুখ উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু ভবনের ভেতরে অসংখ্য লাশ দেখে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

পরে ২ মে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফারুখ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ৩০৫ নম্বর শয্যায় ভর্তি ছিলেন।

মঙ্গলবার ভোরে মৃতদেহ দেখার পর ওয়ার্ডের অন্য রোগীর স্বজনরা ফারুখের বড় বোন হেনা আক্তারকে খবর দেয়।

এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে এসআই সোহেল রানা বলেন, মৃহদেহের গলায় কালো দাগ রয়েছে। আমরা শুনেছি তার কিডনির সমস্যাও ছিলো। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।