বাবুনগরী আদালতে, রিমান্ডে চায় পুলিশ
হেফাজতে ইসলামীর মহাসচিব জুনাইদ বাবুনগরীকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান মঙ্গলবার বাবুনগরীকে পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের এই আবেদন করেন।
রোববার মতিঝিলে সমাবেশ চলাকালে হেফাজতে ইসলামের কর্মীরা পল্টন, বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়।
পরদিন রাতে ঢাকা থেকে বাবুনগরীকে আটক করে পুলিশ। তিনি চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল আলম মাদ্রাসার মুহাদ্দিস। ওই মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফী হেফাজতের আমির।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, হেফাজতে ইসলামের মূল পরিকল্পনা, অর্থ যোগানদাতা, আগ্নেয়াস্ত্র ও বোমা-ককটেলের উৎস এবং কী ধরনের পরিকল্পনার মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের অপচেষ্টায় লিপ্ত হয়েছিল তা জানার জন্য জুনাইদ বাবুনগরীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
