২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে রানা প্লাজার শ্রমিকদের সড়ক অবরোধ 

সাভারের রানা প্লাজার পোশাক কারখানাগুলোর শ্রমিকদের মঙ্গলবার বেতন দেয়ার ঘোষণা দিয়েও পরে তা পিছিয়ে দেয়ায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন ভবন ধসের ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক এবং নিহতদের স্বজনরা। 

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 05:48 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

Image
t

t

এদিকে উদ্ধার অভিযানের চতুর্দশ দিনে আরো ১৬টি লাশ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৩ জনে, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক।

উদ্ধারকর্মীরা জানান, কংক্রিটের স্তূপ থেকে এখন যেসব লাশ পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই বিকৃত হয়ে গেছে।

নয় তলা ভবনটির তৃতীয় তলা থেকে ওপরে নিউ ওয়েভ বটমস লিমিটেড, নিউ ওয়েভ অ্যাপারেলস, ফ্যান্টম অ্যাপারেলস, ফ্যান্টম ট্যাক ও ইথার টেক্স লিমিটেড নামে পাঁচটি গার্মেন্ট ছিল। গত ২৪ এপ্রিল সকালে রানা প্লাজা ধসে পড়ে, তখনও কারখানাগুলোতে কাজ চলছিল।

সাভার মডেল থানার পরিদর্শক আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বেতন দেয়া হচ্ছে না- এ খবর পেয়ে রানা প্লাজার বেঁচে যাওয়া শ্রমিক ও নিহতদের স্বজনরা ধ্বংস্তূপ থেকে মাত্র দুইশ মিটার দূরে রাজ্জাক প্লাজার সামনে অবস্থান নেয়। ফলে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা আরিচা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

“শ্রমিকরা বলছে, তাদের চার মাসের বেতন দিতে হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা এসে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।”   

বিক্ষোভের কারণে সড়কের দুই দিকে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়েছে। এরই মাঝখানে কয়েকশ শ্রমিক বকেয়া মজুরির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। নিহত শ্রমিকদের ছবি হাতে নিয়ে এতে যোগ দিয়েছেন তাদের স্বজনরাও। 

পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ঠিক পাশেই অবস্থান নিয়ে আছেন, যাতে তারা রানা প্লাজার ধ্বংসস্তূপের দিকে যেতে না পারেন।    

৭ মের মধ্যে রানা প্লাজার কারখানা শ্রমিকদের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ সোমবার এক সংবাদ সম্মেলনে জানায়, শ্রমিকদের পুরো তালিকা হাতে না পাওয়ায় মঙ্গলবার বকেয়া বেতন দেয়া সম্ভব হচ্ছে না।    

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম জানান, পাঁচটি তৈরি পোশাক কারখানার মধ্যে দুটির কর্মীদের তালিকা পেয়েছেন তারা। এর মধ্যে নিউ ওয়েভ অ্যাপারেলসে কর্মীসংখ্যা ১ হাজার ৫৪৩ জন, আর নিউ ওয়েভ বটমসে ৫৯৮ জন।

সবগুলো কারখানার তালিকা পেলেই বেতন পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।