২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হেফাজত-পুলিশ সংঘর্ষে নিহত ১

বাগেরহাটে পুলিশ ও র‌্যাবের সঙ্গে হেফাজতকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 12:50 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

সোমবার সকাল ৮টা থেকে খুলনা-মংলা সড়কের চুলকাঠি ও কাটাখালী মোড় এবং বাগেরহাট-খুলনা সড়কের টাউন নওয়াপাড়া ও কাঁঠালতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, বাগেরহাট থেকে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশে যোগ দিতে গিয়ে কয়েকজন কর্মী পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন- এমন খবরে হেফাজতকর্মীরা সকালে চুলকাঠিতে জড়ো হয়ে সড়ক অবরোধ ও ভাংচুর করে। পুলিশ তাদের সরে যেতে বললে তারা হামলা শুরু করে।

“পুলিশ ও র‌্যাবের দলটি পিছু হটে খুলনা-বাগেরহাট সড়কের টাউন নওয়াপাড়া এলাকায় একটি কারখানায় অবস্থান নিলে হেফাজতকর্মীরা কারখানা ঘিরে ফেলে এবং ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে ভারপ্রাপ্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে কারখানা থেকে অবরুদ্ধ সদস্যদের বের করে আনেন।”

এ সময় হেফাজত কর্মীরা সংঘর্ষে জড়ালে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হন বলে পঙ্কজ চন্দ্র জানান।

তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

পুলিশ তার পরিচয় জানাতে না পারলেও কাঁঠালতলার সিদ্দিক মোড়ল নামে এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের গুলিতে তার ভাই সাঈদ মোড়ল (৪৭) নিহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে লাশ কোথায় আছে তা তিনি জানেন না।

আহতদের মধ্যে বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।