২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাণ্ডবে সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা’

হেফাজতে ইসলামের ভাংচুর ও অগ্নিসংযোগের জন্য তাদের ‘সহায়তাকারীদের’ বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 10:33 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

সোমবার দুপুরে পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পল্টন ও বায়তুল মোকাররমের আশপাশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

এরপর সাংবাদিকদের তিনি বলেন, “যারা হেফাজতকে সাহায্য করার ঘোষণা দিয়েছিল তারা এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।”

গণজাগরণ মঞ্চের সংগঠকদের বিরুদ্ধে সোচ্চার হেফাজতে ইসলামের আন্দোলনে সমর্থন জানিয়ে আসছে বিএনপি। হেফাজতের রোববারের সমাবেশে সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, হেফাজত ইসলামের ‘মোড়কে’ জামায়াত-শিবির কর্মীরাই রাজধানীতে এ হামলা চালিয়েছে।

রোববার মতিঝিলে সমাবেশে যোগ দেয়া হেফাজতকর্মীরা পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। পুরানা পল্টনে সিপিবি ও হাইজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ভবনসহ বায়তুল মোকাররম এলাকার অসংখ্য দোকানে আগুন দেয় তারা।

হেফাজতের কর্মীরা বায়তুল মোকাররমের তিন পাশে (উত্তর, দক্ষিণ ও পশ্চিম) অন্তত সাড়ে সাতশ’ দোকানে আগুন দেয়, যারমধ্যে পোশাক-পরিচ্ছদ, গৃহস্থালীর পণ্য, প্লাস্টিক পণ্য, জুতা, স্যান্ডেল, ধর্মীয় বইপত্রের দোকান ছিল। ধর্মগ্রন্থ কোরআন শরীফও পুড়েছে তাদের আগুনে।