ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১১টায় উপজেলার নাল্লাপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম (২৩) উপজেলার মুশুরিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
দেলদুয়ার থানার ওসি চান মিয়া সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে মুশুরিয়া গ্রামের দক্ষিণপাড়া ও উত্তরপাড়ার মধ্যে ক্রিকেট খেলা হয়। খেলার একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
রোববার রাতে নাল্লাপাড়া বাজার থেকে আমিনুলসহ কয়েকজন বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালালে চারজন গুরুতর আহত হয় বলে জানান ওসি।
তিনি জানান, আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর আমিনুল মারা যান।
আহত ফারুক (২৩), ইসমাইল (২২) ও সোহেল রানাকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।
