সিপিবি অফিসে হামলা: চট্টগ্রামে বিক্ষোভ মিছিল
ঢাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
রোববার সন্ধ্যায় নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে জেলা সিপিবির নেতারা হামলাকারী হেফাজতকর্মীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
সমাবেশ থেকে হেফাজতের আমির আহমদ শফীকে ‘স্বাধীনতাবিরোধী’ আখ্যা দেন নেতারা।
এছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে হামলার সঙ্গে যুক্ত হেফাজতকর্মীদের গ্রেপ্তারও দাবি করেন তারা।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি মৃণাল চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য মছিউদ্দৌল্লা ও আবদুন নূর।
সিপিবি কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সোমবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেয়া হয়।
এদিকে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সিপিবি কক্সবাজার জেলা শাখা।
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে সোমবার বিকাল ৪টায় পুরাতন শহীদ মিনারে এক প্রতিবাদ সভা করারও ঘোষণা দেয়া হয়েছে।
পল্টনে রোববার বিকালে হেফাজতে ইসলামের কর্মীরা পুলিশের সাথে সংঘর্ষের সময় সিপিবি কার্যালয় মুক্তিভবনে ভাংচুর ও হামলা চালায় এবং আগুন দেয়।
