পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রতারণার অভিযোগে পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদারের ব্যক্তিগত সহকারির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পটুয়াখালীর একটি আদালত।
রোববার পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরীফ এ. এম. রেজা জাকের মন্ত্রীর ব্যক্তিগত সহকারি শামিমুজ্জামান কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন বলে জানান আইনজীবী।
এদিনই স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসাবে পরিচিত শামিমুজ্জামানের বিরুদ্ধে প্রতারণা মামলাটি দায়ের করেন জেলা যুবলীগের প্রয়াত সভাপতি আহসান হাবিব খানের স্ত্রী খায়রুন নাহার লাকি।
মামলার বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী সৈয়দ মহসিন হোসেন সাংবাদিকদের জানান, রাজনৈতিক পরিচয়ের সুবাদে ২০১১ সালে ৫ ফেব্রুয়ারি আহসান হাবিব খানের কাছ থেকে শামিমুজ্জামান ৩ লাখ ৬০ হাজার টাকা ধার নেন।
গত বছর ফেব্রুয়ারি মাসে জেলা যুবলীগ সভাপতি মারা যাওয়ার পর তার স্ত্রী লাকি টাকার জন্য শামিমুজ্জামানকে বহুবার তাগাদা দেন। একপর্যায়ে তিনি ২ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু মার্কেন্টাল ব্যাংক সেই চেক প্রত্যাখান করে।
এরপর শামিমুজ্জামানের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খায়রুন নাহার লাকি লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু মন্ত্রীর ব্যক্তিগত সহকারি তাতে সায় দেননি বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ব্যাপারে কথা বলার জন্য মন্ত্রীর ব্যক্তিগত সহকারির মোবাইলে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
