২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রেণিকক্ষে বিস্ফোরণে ৩ ছাত্র আহত

ফরিদপুর সদর উপজেলায় একটি স্কুলের শ্রেণিকক্ষে হাতবোমার বিস্ফোরণে তিন ছাত্র আহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 10:03 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

রোববার সকালে পশ্চিম গঙ্গাবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত পঞ্চম শ্রেণির ছাত্র নাজমুল সরদার (১১), দ্বিতীয় শ্রেণির আশিক (৮) এবং প্রথম শ্রেণির রানাকে (৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা জাকিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, সকালে স্কুল শুরুর আগে নাজমুল তার ব্যাগ থেকে লাল রঙের টেপে মোড়ানো জর্দার কৌটায় তৈরি একটি হাতবোমা তার সহপাঠীদের দেখিয়ে খেলার ছলে দেয়ালের দিকে ছুঁড়ে মারে।

সঙ্গে সঙ্গেই সেটি বিস্ফোরিত হয়ে হাতপায়ে স্প্রিন্টার লেগে তিন ছাত্র আহত হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, নাজমুলের বাবা আলমগীর সরদার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। কয়েকদিন আগেই তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলমগীর তার বাড়িতে হাতবোমাটি এনে রেখেছিলেন। ছেলে নাজমুল বল ভেবে সেটি ব্যাগে করে স্কুলে নিয়ে আসে।”

ওসি আরো বলেন, ঘটনার পর থেকেই আলমগীর পলাতক রয়েছেন। তার বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে।