২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গণজাগরণ মঞ্চের লাঠি মিছিল

জামায়াত শিবিরের রাজনীতি ও হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিরোধিতায় লাঠি মিছিল করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 08:11 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

রোববার দুপুর ১২টার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগ থেকে লাঠি মিছিল বের হয়। প্রায় শ’ দেড়েক ছাত্র-জনতা এতে অংশ নেন।

তবে হেফাজতের ঢাকা অবরোধের দিনে গণজাগরণ মঞ্চের এই মিছিলে অংশ না নিয়ে আলাদাভাবে নিজেদের কমর্সূচি পালন করে ছাত্রসংগঠনগুলো।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ইমরান সাংবাদিকদের বলেন, “তাদের আলাদা কমর্সূচি রয়েছে। আর লাঠি মিছিল আমাদের ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ।”

শনিবার বিকেলে লাঠি মিছিলের এ কমর্সূচি ঘোষণা করেন ইমরান।

রোববার সকাল ১০টায় মিছিল শুরুর কথা থাকলেও শাহবাগে উপস্থিতি কম থাকায় তা শুরু হয় প্রায় দুই ঘণ্টা পর, বেলা ১২টার দিকে।

গণজাগরণ মঞ্চ থেকে শুরু হয়ে মিছিলটি টিএসসি, নীলক্ষেত ঘুরে শাহবাগে এসে রূপসী বাংলা হোটেলের সামনে গিয়ে আবার ফিরে প্রজন্ম চত্বরে ফেরে।

এরপরে শুরু হয় ‘অপশক্তি প্রতিরোধে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান’। সারাদিন এ অনুষ্ঠান চলবে।

শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপত্র ‘গণজাগরণ’ এর প্রকাশনা উৎসব হবে বিকাল ৪টায় ।