২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং

টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 08:04 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

রোববার সকাল থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম জেলা প্রশাসন বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে।

শনিবার শুরু হওয়া বৃষ্টি রোববারও অব্যাহত রয়েছে।

নগরীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয় লালখান বাজার মতিঝর্না এলাকা।

সিটি করপোরেশনের সচিব মো. শামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতিঝর্না ছাড়াও নগরীর ৯, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডেও ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদেরও সরে যেতে বলা হয়েছে।

এর পাশাপাশি সংবাদপত্রে বিজ্ঞাপন, সংশ্লিষ্ট পাহাড় মালিকদেরও ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নিতে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাইকিংয়ের পাশাপাশি পরিস্থিতি বুঝে উচ্ছেদসহ অন্যান্য ব্যবস্থা নেয়া হবে।

নগরীর বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে অতীতে। সে কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকারিভাবে এ উদ্যোগ নেয়া হয়।