অবরোধ থেকে সমাবেশে হেফাজতকর্মীরা
অনুমতি পাওয়ার পর মতিঝিলে দুপুরে সমাবেশের প্রস্তুতি শুরু করেছে হেফাজতে ইসলাম। শাপলা চত্বর এরই মধ্যে ভরে গেছে হেফাজতের নেতা-কর্মীতে।
ঢাকার প্রবেশ পথগুলোতে অবরোধ সৃষ্টি করা হেফাজতকর্মীরা বেলা ১২টা থেকেই মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন।
ভোর থেকেই অবরোধ করে ঢাকা 'বিচ্ছিন্ন' করে রাখা হেফাজতে ইসলাম বেলা ১১টার দিকে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পায়। অবশ্য এর আগেই যাত্রাবাড়িতে অবরোধের সৃষ্টি করা হেফাজতকর্মীদের একটি অংশ মতিঝিলে জড়ো হতে শুরু করে।
সমাবেশের অনুমতি দেবার পর পুলিশ ঢাকায় ঢোকার পখে ব্যারিকেডগুলো সরিয়ে নিলে মিছিল করে গাবতলী, যাত্রাবাড়ি, উত্তরা, বাবুবাজার ব্রিজ থেকে মিছিল করে মতিঝিলের আসতে থাকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
বেলা ১১ টা থেকে মতিঝিল এলাকা কার্যত ফাঁকা হয়ে যায়। ব্যস্ত অফিসপাড়া থেকে সব যানবাহন সরে যায়। সংশ্লিষ্ট এলাকার প্রায় সব অফিসের সামনের মুল ফটক বন্ধ করে দেয়া হয়।
মতিঝিলে আগে জড়ো হওয়া হেফাজত কর্মীদের একটি অংশ বেলা ১২ টার দিকে পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে বায়তুল মোকররম মসজিদের সীমানার ভেতরে রাখা পুলিশের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা।
হেফাজতে ইসলাম জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জোহরের নামাজের পর রাস্তায় সমাবেশে করার অনুমতি চাইলেও শনিবার তার অনুমতি পায়নি।
রোববার পুলিশে উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, হেফাজতে ইসলামকে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
ব্লগারদের শাস্তি ও নারীনীতি বাতিলসহ ‘বিতর্কিত’ ১৩ দফা দাবিতে সরকারকে চূড়ান্ত চাপ দিতে হেফাজত ইসলামীর অবরোধে ভোর থেকে সারাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী।
রোববার ভোরে ফজরের নামাজের পরপরই ১৩ দফা দাবিতে হেফাজতকর্মীরা টঙ্গী ব্রিজ, যাত্রাবাড়ির কাজলা, ডেমরা, বাবুবাজার ব্রিজ, পোস্তগোলা ব্রিজ, নারায়ণগঞ্জ ও সাভারের আমিনবাজার ও গাবতলীতে অবস্থান নেয়। তাদের ঢাকার কেন্দ্রে আসা ঠেকাতে বিভিন্ন স্থান ব্যারিকেডও দেয় পুলিশ।
ফজরের নামাজের পরপরই অবরোধ করে ঢাকা 'বিচ্ছিন্ন' করে ফেলা হেফাজতের নেতাকর্মীরা অবশ্য পুলিশের ব্যারিকেড ভেঙে হলেও ঢাকায় সমাবেশ করার হুঁমকি দিচ্ছিলেন। প্রয়োজনে দুই-তিন দিন অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ারও কথা জানান হেফাজতকর্মীরা।
শাপলা চত্বরে সমাবেশের অনুমতি পাওয়ার পর ব্যারিকেড সরিয়ে নেয় পুলিশ ও র্যাব সদস্যরাও।
