তৃতীয় দিনের মতো পরিবহণ ধর্মঘট চলছে বাগেরহাটে
অবৈধ যানবাহন বন্ধের দাবিতে বাগেরহাটে পরিবহণ মালিক-শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে।
রোববার টানা তৃতীয় দিনের মতো ধর্মঘটের কারণে যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে জানিয়ে বাগেরহাট আন্ত:জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছে এখনও কোন আলোচনার প্রস্তাব আসেনি।
বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, ধর্মঘট আহ্বানকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের দাবির বিষয়ে তাদের সাথে আলোচনার উদ্যোগ নেয়া হচ্ছে।
বাগেরহাটের ১৮টি রুটে নসিমন, করিমনসহ অন্যান্য অবৈধ বাহন বন্ধের দাবিতে পরিবহণ মালিক ও শ্রমিকদের ৮টি সংগঠন শুক্রবার ভোর থেকে অনির্দিষ্টকালের এ পরিবহণ ধর্মঘট শুরু করে।
এ ধর্মঘটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
