জামিন পেলেন ফখরুল
ভাংচুর-বিস্ফোরণের পাঁচ মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পাশাপাশি ফখরুলকে কেন নিয়মিত জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত ।
গত ২২ এপ্রিল ফখরুল এই পাঁচ মামলায় জামিন আবেদন দাখিল করেন। আবেদনগুলো শুনানির জন্য গত ২৮ এপ্রিল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের আদালতের কার্যতালিকায়ও আসে। কিন্তু টেলিভিশন টক শোতে ফখরুলের এক আইনজীবীর মন্তব্যের জের ধরে ওই আদালতের কনিষ্ঠ বিচারপতি জামিন আবেদন শুনতে বিব্রতবোধ করেন।
এরপর আবেদনগুলো নিয়ম অনুসারে প্রধান বিচারপতি দপ্তরে চলে যায়। সেখান থেকে শুনানির জন্য পাঠানো হয় বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে।
আদালতে ফখরুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাদের সহায়তা করেন আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক।
গত ২ মার্চ মালিবাগে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানায় দুটি, রমনা থানায় দুটি এবং শাহজাহানপুর থানায় দুটি মামলা হয়। এর সবগুলোতেই ফখরুলকে আসামি করা হয়।
এ সব মামলায় গত ১০ মার্চ ফখরুল উচ্চ আদালত থেকে আগাম জামিন পেলেও ৭ এপ্রিল হাকিম আদালত তাকে কারাগারে পাঠায়। এরপর দায়রা আদালতেও ফখরুলের জামিন আবেদন নাকচ হয়ে যায়।
