২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের আবেদন শুনতে ‘বিব্রত’ বিচারক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন শুনতে ‘বিব্রত’ বোধ করেছেন এক বিচারপতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 07:53 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

ফখরুলের আইনজীবীরা রোববার দুপুরে ৫ মামলায় জামিনের আবেদন শুনানির জন্য বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের আদালতে যান। এক পর্যায়ে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি জাকির হোসেন শুনানি করতে ‘বিব্রতবোধ’ করেন।

গত ২ মার্চ মালিবাগে পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানায় দুটি, রমনা থানায় দুটি এবং শাহজাহানপুর থানায় দুটি মামলা হয়। এর সবগুলো মামলাতেই ফখরুলকে আসামি করা হয়।

এ সব মামলায় গত ১০ মার্চ ফখরুল উচ্চ আদালত থেকে আগাম জামিন পেলেও ৭ এপ্রিল হাকিম আদালত তাকে কারাগারে পাঠায়। এরপর দায়রা আদালতেও ফখরুলের জামিন আবেদন নাকচ হয়ে যায়।

ফখরুলের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাদের সহায়তা করেন অ্যাডভোকেট সাগির হোসেন লিওন।

সাগির হোসেন লিওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  ভারপ্রাপ্ত মহাসচিব ছাড়াও আরো ৫ নেতার জামিনের জন্য ৩১টি আবেদন তারা আদালতে জমা  দিয়েছেন।

আবেদনকারী বাকি পাঁচজন হলেন- মির্জা আব্বাস, আবদুল্লাহ আল নোমান, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল।

এদের মধ্যে মির্জা আব্বাস, আবদুল্লাহ আল নোমান, গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমান ৬ মামলায় এবং মোয়াজ্জেম হোসেন আলাল ৭ মামলায় জামিন আবেদন করেছেন।