২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষায় সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঁচ দিনের সফরে ঢাকা ছেড়েছেন আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 06:02 PM

Updated : 25 Apr 2022, 06:41 PM

সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি নিয়মিত বিমানে রাত সোয়া ১০টায় রাষ্ট্রপতি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন বলে জানিয়েছেন তার প্রেসসচিব এ কে এম নেছারউদ্দিন ভুইঞা।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পাট ও বস্ত্র মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

প্রেস সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর বৃহস্পতিবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক তার সঙ্গে রয়েছেন।

গত ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণের পর এটাই রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রথম বিদেশ সফর। রাষ্ট্রপতির দায়িত্ব নিলেও এখনো বঙ্গভবনে ওঠেননি আবদুল হামিদ, জাতীয় সংসদের স্পিকারের ভবনেই থাকছেন তিনি।

সপ্তাহ খানেকের মধ্যে আবদুল হামিদ রাষ্ট্রপতির সরকারি বাড়িতে উঠবেন বলে বঙ্গভবনের কর্মকর্তারা জানিয়েছেন।