চট্টগ্রামে মঙ্গলবার হরতাল ডেকেছে ছাত্রসেনা
কুপিয়ে সংগঠনের এক কর্মীকে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে মঙ্গলবার হরতালের দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।
শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের চট্টগ্রাম নগর শাখা সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসাইন এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “গত ২৬ এপ্রিল হেফাজতকর্মীদের বর্বর হামলায় হাটহাজারীতে আহত হয় আমাদের কর্মী মুহাম্মদ সাইফুল ইসলাম। গতকাল (শুক্রবার) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
“আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর চট্টগ্রামে মঙ্গলবার শান্তিপূর্ণ হরতাল পালন করা হবে।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাফর সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি রাশেদুল হাছান মুরাদ, নগর সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন মানিক প্রমুখ।
৬ এপ্রলি নগরীর রসোলাত সম্মলেন থেকে ফেরার পথে হাটহাজারীতে মাজারে হামলা চালায় হেফাজতে ইসলামের কর্মীরা।
এ সময় আহলে সুন্নাত ওয়াল জমা’আত সর্মথকদরে সঙ্গে সংঘর্ষে সাইফুল গুরুতর আহত হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মারা যায়।
এদিকে প্রশাসনের ‘আশ্বাসের’ প্রেক্ষিতে চট্টগ্রামে ইসলামিক ফ্রন্টের ডাকা রোববারের আধাবেলা হরতাল প্রত্যাহার করা হয়েছে।
দলটির মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মসজিদ-মাজারে হামলাকারী ও মাদ্রাসা ছাত্র সাইফুলের হত্যাকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারে প্রশাসনের আশ্বাস এবং এইচএসসি পরীক্ষার কারণে রোববারের হরতাল প্রত্যাহার করা হয়েছে।
