২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাস পূর্তিতে জাগরণের মঞ্চের লাঠিমিছিল

আন্দোলনের তিন মাস পূর্তিতে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবিতে লাঠি মিছিল করবে শাহবাগের গণজাগরণমঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 05:23 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

শনিবার রাতে গণজাগরণমঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার গণজাগরণ মঞ্চের তিন মাস পূর্তি হতে যাচ্ছে। তিন মাস পূর্তিতে সকাল ১০টায় শাহাবাগের প্রজন্ম চত্বর থেকে জামাত-শিবির নিষিদ্ধের দাবিতে লাঠি মিছিল বের হবে। সকাল ১১টা থেকে সারাদিন চলবে ‘অপশক্তি প্রতিরোধে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান’।”

এরপর বিকাল ৪টায় অনুষ্ঠিত গণজাগরণ মঞ্চের মুখপত্র ‘গণজাগরণ’ এর প্রকাশনা উৎসব।

যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে ক্ষোভ থেকে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে একদল তরুণের অবস্থান কর্মসূচি দেশব্যাপী গণজাগরণের সৃষ্টি করে।

যুদ্ধাপরাধীর ফাঁসির রায় না পাওয়ার ক্ষোভ থেকে সৃষ্ট এই প্রতিবাদ দেশবাসীর অকুণ্ঠ সমর্থন পাওয়ার পর আইন সংশোধন করে সরকার ও আসামি পক্ষের আপিলের সমান সুযোগের বিধান যোগ করা হয়।

আন্দোলনকারী একাত্তরে যুদ্ধাপরাধের জন্য জামায়াতকে নিষিদ্ধের দাবিও তোলে।

সংশোধিত আইনে কোনো দল বা সংগঠনের যুদ্ধাপরাধের বিচারের বিধানও যোগ হয়, যা দল হিসেবে জামায়াতের বিচারের পথ খুলেছে।গণজাগরণ মঞ্চ একে আন্দোলনের অর্জন হিসেবেই দেখছে।