২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহীনার শিশুপুত্রের দায়িত্ব নিলেন সোহানী 

সাভারে ভবনধসে নিহত শাহীনার শিশুপুত্রের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন পাবনার সোহানী হোসেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

সোহানী পাবনার ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

রানা প্লাজা ধসের পরও কুষ্টিয়ার মেয়ে শাহীনা বেঁচে ছিলেন। ভিতরে আটকে থাকা অবস্থায় উদ্ধার কাজ চালানোর সময় অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়।

সোহানী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন গণমাধ্যমে শহীনাকে বাঁচানোর শ্বাসরুদ্ধকর ঘটনা প্রচারিত হচ্ছিল।

এরপর তিনি পাবনা থেকে ছুটে যান সাভারে। সেখানে গিয়ে শাহীনার পরিবারের সঙ্গে তার দেখা হয়।

সোহানী বলেন, “এক সময় জানতে পারলাম শাহীনা আর নেই। আমি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলি।

“তারা আমাকে জানান, শাহীনার দেড় বছর বয়সের এক ছেলে রয়েছে, যার খরচ শাহীনাই বহন করতেন। এখন শিশুটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল।”

সোহানী হোসেন বলেন, “শিশুটি কর্মক্ষম না হওয়া পর্যন্ত তার সকল খরচ ইউনিভার্সাল ফুড লিমিটেড বহন করবে।”