পাবনায় দোকানদারকে গুলি করে হত্যা
পাবনার সাঁথিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক চায়ের দোকানদার নিহত হয়েছেন।
শনিবার বিকালে কাশিনাথপুর বাজারে এ হামলায় নিহত
মেহেদী হাসানের (৪০) বাড়ি সিরাজগঞ্জে।
তিনি পাবনার সুজানগর উপজেলার চব্বিশ মাইল এলাকায় শ্বশুরবাড়ি থেকে ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএসপি (বেড়া সার্কেল) আবু বকর সিদ্দিক বলেন, বিকাল ৩টার দিকে মেহেদী হাসান কাশিনাথপুর বাজারে তার চায়ের দোকানে বসেছিলেন।
এ সময় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসানের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, কী কারণে তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না। তবে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
