২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সালিশে ধর্ষণের ঘটনার মীমাংসা’

মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি ধর্ষণের ঘটনা টাকার বিনিময়ে মীমাংসার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 01:01 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

গত মঙ্গলবার রাতে উপজেলার কাটাগাং এলাকায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত।

এ ব্যাপারে রাজৈর থানার ওসি মোফাজ্জেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্ষণের ঘটনাটি তিনি শুক্রবার জেনেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যানের লোকজন ধর্ষিতার পরিবারকে টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করেছেন বলে তিনি আর খোঁজখবর নেননি বলে জানান।

এছাড়া ধর্ষিতার পরিবারও থানায় কোনো অভিযোগ বা মামলা করেনি বলে জানান ওসি মোফাজ্জেল।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ রাজৈরের দত্তপাড়া গ্রামের এক ফল ব্যবসায়ীর স্ত্রী।

পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার স্ত্রীকে নিয়ে ওই ফল ব্যবসায়ী উপজেলার কাশীনগর গ্রামে এক বন্ধুর বাড়ি বেড়াতে যান।

সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কাটাগাং এলাকায় পৌঁছলে মুজরাইকান্দি গ্রামের মর্তুজা খালাসীর ছেলে হাসান খালাসী, কাশীনগর গ্রামের জলিল খলিফা ছেলে খায়ের খলিফা,  ইউনুস শেখের ছেলে মাসুদ শেখ, বশার মাতুব্বরের ছেলে উজ্জ্বল মাতুব্বর, জহুর আলী শেখের ছেলে চাবলী শেখ তাদের থামায়।

পরে স্বামীকে মারধর করে রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।

পরিবারটি আরো জানায়, এলাকার মাতবররা বিষয়টি সমাধানের কথা বলে তাদের বাড়ি পাঠিয়ে দেন। দুর্বৃত্তরা প্রভাবশালী হওয়ায় ওই ফল ব্যবসায়ীর পরিবার ভয়ে থানায় মামলা করতে যাননি।

তারা আরো বলেন, বৃহস্পতিবার রাতে কাশিনগর মোড়ে কবিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান মাতুব্বর, মুকাই মাতুব্বর, জহুর আলী, সিরাজ শেখের নেতৃত্বে স্থানীয় মুরুব্বীদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক বসে।

সালিশে ওই ফল ব্যবসায়ী ও তার স্ত্রীকে নগদ এক লাখ টাকা এবং পরে আরো ৭৫ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতিতে বিষয়টি মীমাংসা হয়।

তবে তারা এখনো টাকা পাননি বলে জানান।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, “ঘটনাটি আমার জানা নেই। তবে আমি বিষয়টি গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়িত্বে দিচ্ছি।”

এ ব্যাপারে কবিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।