রাবির এমবিএ ভর্তি ফরম বিতরণ মঙ্গলবার থেকে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি ফরম বিতরণ শুরু হবে মঙ্গলবার। চলবে ২০ জুন পর্যন্ত।
শনিবার সকালে বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে ২১ জুন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা হবে। ফলাফল প্রকাশ হবে ২২ জুন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হবে ২৩ জুন।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুভাষ চন্দ্র শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই কোর্সে ভর্তির জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (পাস কোর্স), সম্মান অথবা মাস্টার্স ডিগ্রি অর্জনকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনকারীর যোগ্যতা সম্পর্কে ড. সুভাষ আরো বলেন, গ্রেডিং পদ্ধতিতে প্রার্থীর নূন্যতম তিনটি ক্যাটাগরিতে মোট ৬ পয়েন্ট থাকতে হবে। এছাড়া, শিক্ষাগত যোগ্যতার যেকোনো একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বহু নির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে ৬০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ইংরেজি ও সাধারণ গণিতে থাকবে ১৫ নম্বর করে। বাকি ৩০ নম্বর থাকবে সাধারণ জ্ঞান বিষয়ে।
সংশ্লিষ্ট বিভাগ থেকে অফিস চলাকালে ভর্তি সম্পর্কিত বিস্তারিত জানা যাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
