জামালপুরে ‘অবৈধ’ বিদ্যুৎ সংযোগ বন্ধের দাবি
জামালপুরের মেলান্দহ উপজেলায় ‘অবৈধ’ বিদ্যুৎ সংযোগ বন্ধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে চারটি গ্রামের বাসিন্দারা।
সমাবেশে বক্তব্য দেন রশিদপুর এলাকার আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম ও আল আমীন।
খবর পেয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার ঘটনাস্থলে পৌঁছে অবৈধ সংযোগ বন্ধের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
এ চার গ্রামের বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, জামালপুর পিডিবির কর্মকর্তারা মোটা অঙ্কের উৎকোচ নিয়ে নিয়ম বহির্ভূতভাবে পৌরসভার বাইরে মধ্যের চর গ্রামে মিটারবিহীন শতশত সংযোগ দিয়েছে। ফলে চারটি গ্রামে ব্যাপক লোডশেডিং এবং অতিরিক্ত লোডে ট্রান্সফর্মার বিকল হচ্ছে।
জামালপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, শহরের বাইরে কিভাবে পিডিবির সংযোগ দেয়া হয়েছে এ ব্যাপারে তার কিছু জানা নেই।
তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
