স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রথমবারের মতো সিঙ্গাপুর যাচ্ছেন আবদুল হামিদ।
শনিবার রাতে তিনি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব এ কে এম নেছারউদ্দিন ভুইঞা।
স্পিকারের দায়িত্ব পালনের সময়ও সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করাতেন আবদুল হামিদ। ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি।
প্রেস সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর বৃহস্পতিবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির দায়িত্ব নিলেও এখনো বঙ্গভবনে ওঠেননি আবদুল হামিদ, জাতীয় সংসদের স্পিকারের ভবনেই থাকছেন তিনি।
সপ্তাহ খানেকের মধ্যে আবদুল হামিদ রাষ্ট্রপতির সরকারি বাড়িতে উঠবেন বলে বঙ্গভবনের কর্মকর্তারা জানিয়েছেন।
