সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষে আহত ৩০
সিরাজগঞ্জ শহরের মাহমুদপুরে দুই মহল্লাবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
শনিবার সকালের এ সংঘর্ষে অন্তত ২০টি বাড়ি ভাংচুর ও একটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলাম-বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের জেরে সকালে দুই মহল্লার মধ্যে আবার সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।
শহরের মাহমুদপুর দক্ষিণপাড়া জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষ হওয়ার পর হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এক যুবলীগ কর্মীকে মারপিট করে এবং ব্লগারদের শাস্তির দাবিতে শহরে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, শুক্রবারের সংঘর্ষের জের ধরে ভোর ৪টার দিকে মাহমুদপুর দক্ষিণপাড়ার হেফাজতে ইসলাম-বিএনপি কর্মী সমর্থকরা উত্তরপাড়ায় আওয়ামী লীগ সমর্থকসহ বিভিন্ন বাড়িতে হামলা চালায়। এ সময় তারা অন্তত ১০ বসতবাড়ি ভাংচুর ও ১টি বাড়িতে অগ্নিসংযোগ করে।
এ ঘটনার পর উত্তরপাড়ার আওয়ামী লীগকর্মী, সমর্থক ও গ্রামবাসীরা একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এছাড়া দক্ষিণপাড়ায় অন্তত ১০ বাড়ি ভাংচুর করে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সদর থানার উপ-পরির্দশক মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
