টকশো’র জন্য নীতিমালা দরকার: শিক্ষামন্ত্রী
টেলিভিশন টকশো’র জন্য নীতিমালার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আলোচকদের স্বাধীনভাবে কথা বলতে দেয়ার জন্যই এটা করা দরকার।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “নীতিমালার কথা উঠলে মনে হয় হাত-পা বেঁধে দেয়া হবে। আসলে তা নয়, টকশো’র নীতিমালা হবে স্বাধীনভাবে কথা বলতে দেয়ার জন্য।”
“তবে স্বাধীনভাবে কথা বলার মানে এই নয় যে, দেশের প্রচলিত আইন ও জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কথা বলা যাবে।”
তিনি বলেন, টকশো’কে এমন একটি পর্যায়ে নিয়ে আসা উচিত যাতে তার মাধ্যমে জনগণ উপকৃত হয়, যা সমস্যা সমাধানের পথ বাতলে দেবে।
এক্ষেত্রে টকশো’র আয়োজক ও আলোচকসহ সবারই দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি।
গণমাধ্যমের জনগণের কল্যাণে কাজ করা উচিত মন্তব্য করে নুরুল ইসলাম নাহিদ বলেন, “গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে মনে রাখা দরকার তারাও জনগণের কাছে দায়বদ্ধ।”
সেমিনারে সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম ‘গণমাধ্যমে গণজাগরণ মঞ্চ’ এবং অধ্যাপক গোলাম রহমান ‘টেলিভিশন টকশো’ শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “হেফাজতে ইসলামের নামে হেফাজতে রাজাকারকে চিহ্নিত করার ক্ষেত্রে মিডিয়াকে ভূমিকা রাখতে হবে। কারণ মিডিয়ার নিরপেক্ষতা মানে এই নয় যে, একটি গোষ্ঠীর অযৌক্তিক দাবিকে সবার সামনে নিয়ে আসা হবে।”
আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক আবেদ খান বলেন, “গণজাগরণ মঞ্চ সম্পূর্ণ আলাদা ও অন্য ধরনের আন্দোলনের জন্ম দিয়েছে। নতুন প্রজন্ম জানিয়ে দিয়েছে, তারা ৪২ বছর আগের মুক্তিযুদ্ধকে নিজেদের আত্মার মধ্যে ধারণ করেছে।”
মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক আবুল মনসুর আহম্মদ, একুশে টিভির সাংবাদিক নাদিয়া শারমিন প্রমুখ।
