‘পাওনা টাকা চাওয়ায় হাবিবা খুন হন’
পাওনা টাকা ফেরত চাওয়ায় নারায়ণগঞ্জের কলেজছাত্রী হাবিবাকে খুন করার কথা স্বীকার করেছেন তৌহিদ।
বন্দর উপজেলার কলেজছাত্রী হাবিবা আক্তার হত্যার ঘটনায় গ্রেপ্তার তার খালাতো ভাই তৌহিদ শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
দুপুরে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগম জবানবন্দি নেন বলে জানিয়েছেন বন্দর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান।
রাকিবুজ্জমান বলেন, দুই মাস আগে খালা তাছলিমার কাছ থেকে নেয়া এক লাখ টাকার ঋণ শোধ না করায় ২৮ তারিখ রাতে গালমন্দ করেন খালা এবং বোন হাবিবা।
তাই ক্ষিপ্ত হয়ে সোমবার (২৯ এপ্রিল) সকালে রান্নার বড় চামচ দিয়ে প্রথমে হাবিবা এবং পরে তাছলিমাকে আঘাত করে পালিয়ে যান তৌহিদ।
বিকালে বন্দরের কবিলের মোড় এলাকায় বাড়ি থেকে হাবিবার লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার তৌহিদকে গ্রেপ্তার করে পুলিশ। তৌহিদ শহরের খানপুর এলাকার প্রয়াত কাদির মিয়ার ছেলে।
