সাদুল্লাপুরে আরো ৪টি লাশ দাফন
সাভারের রানা প্লাজা ধসে নিহত আরো চার শ্রমিকের লাশ দাফন করা হয়েছে গাইবান্ধার সাদুল্লাপুরে।
শুক্রবার নিহতের স্বজনরা গ্রামে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করেছেন।
এ নিয়ে এ ঘটনায় সাদুল্লাপুর উপজেলায় ১১ জনসহ গাইবান্ধা জেলায় ২১ জনের লাশ দাফন করা হল।
শুক্রবার সমাহিত চারজন হলেন দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদরপুর গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে মোকছেদুর রহমান (২৩), পশ্চিম দামোদরপুরের মানিক মিয়ার স্ত্রী সুমি আক্তার (১৯), হাফিজুর রহমানের ছেলে ইউনুস আলী (২৪) এবং জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের চিনু মিয়ার স্ত্রী শিউলি বেগম (২২)।
দামোদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সি ও জামালপুরের চেয়ারম্যান রেজাউল করিম রেজা নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।
দামোদরপুরের চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সি বলেন, শুধু দামোদরপুর গ্রামে নিখোঁজ ৩০ জনের মধ্যে তিন জনের লাশ পাওয়া গেল। এখনো ২৭ জনের হদিস পাওয়া যায়নি।
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজায় ভবন ধসের পর এ পর্যন্ত পঁচশ’রও বেশি লাশ উদ্ধার করা হয়েছে।
