২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধসে পড়া ভবন পরিদর্শনে সাভারে রাষ্ট্রপতি

সাভারে ভবন ধসের দশম দিনে উদ্ধারকাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 10:56 AM

Updated : 25 Apr 2022, 06:41 PM

শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে তিনি ধসে পড়া ভবন রানা প্লাজার সামনে যান। এ সময় সেনাবাহিনী, ফায়ার ব্রিগেডসহ উদ্ধার অভিযানে থাকা বিভিন্ন সংস্থার সদস্যদের সঙ্গে কথা বলে উদ্ধার তৎপরতার বিষয়ে খোঁজ খবর নেন তিনি।

কিছুক্ষণ সেখানে অবস্থানের পর রাষ্ট্রপতি সম্মিলিত সামরিক হাসপাতালে আহতদের দেখতে যান।

রানা প্লাজায় ধ্বংসস্তূপে যাওয়ার আগে ভবন ধসে আহতদের দেখতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। এ সময় কয়েকজন আহত শ্রমিকের সঙ্গে তিনি কথা বলেন। পাশাপাশি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজায় ধসের পর ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত উদ্ধার করা লাশের সংখ্যা বেড়ে ৫০৯ জনে দাঁড়িয়েছে।

উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী জানিয়েছেন, শুক্রবার প্রথম প্রহর থেকে অর্ধশতাধিক মৃতদেহ উদ্ধার করেছেন তারা।

সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে কংক্রিট সরানোর পাশাপাশি লাশের সন্ধান চালিয়ে যাচ্ছেন।

উদ্ধার করা লাশগুলো স্বজনদের সনাক্ত করার জন্য নেয়া হচ্ছে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত পুলিশ উপ পরিদর্শক ফরিদ উদ্দিন জানান, শুক্রবার বেলা ১২টা পর্যন্ত হস্তান্তর করা হয়েছে ৪০৩ জনের লাশ।

পচন ধরায় কিছু লাশ আগেই ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়, যাদের মধ্যে পরিচয় না পাওয়া ৩২ জনকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।  

উদ্ধার অভিযানের দশম দিনে ক্রেন, ডোজার ও লোডার ব্যবহার করে উদ্ধারকর্মীরা ভবনের চারপাশ থেকে কংক্রিটের স্তূপ সরিয়ে নিচ্ছেন। ছাদের অংশও টুকরো টুকরো করে সরিয়ে নেয়ার কাজ চলছে। ট্রাকে করে এসব কংক্রিটের স্তূপ সরিয়ে নেয়া হচ্ছে বংশী নদীর তীরে।