চোখ বুজলেই বিভীষিকা
শেরপুরের নাজমুল রশীদ ফারুক অন্য অনেকের তুলনায় ‘ভাগ্যবান’; রানা প্লাজা ধসের তিন দিন পর অক্ষত দেহে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতে পেরেছেন তিনি।
কিন্তু ‘সব কিছু’ ভেঙে পড়ার সেই ‘প্রলয়ঙ্করী’ মুহূর্ত, অন্ধকার মৃত্যুকূপে প্রায় ৬০ ঘণ্টার খণ্ড খণ্ড স্মৃতি, রক্তাক্ত সহকর্মীর বাঁচার আকুতি আর মৃত্যুর গন্ধ তার ঘুম কেড়ে নিয়েছে।
চোখ বুজলেই দুঃস্বপ্নের মতো ফিরে ফিরে আসছে শত শত মানুষের আহাজারি। লাশের উৎকট গন্ধে চমকে উঠে ঘুম ভাঙার পর নাজমুল নিজেকে আবিষ্কার করছেন নিজের ঘরের বিছানায়।
শনিবার উত্তরায় নিজের বাসায় বসে সেই অভিজ্ঞতার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ফ্যান্টম অ্যাপারেলসের কোয়ালিটি কন্ট্রোলার নাজমুল।
“রাতে ঘুমাতে পারি না। ঘুমের মধ্যে শুনি অন্ধকারের মধ্যে আর্তচিৎকার.. বাঁচাও.. বাঁচাও... পানি। বিমের নিচে চাপা পড়া একটা মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। মনে হয় আমাকে ওরা ডাকছে।”
দুঃস্বপ্নের মধ্যেই নাজমুল সহকর্মীদের ডাকে সাড়া দেয়ার চেষ্টা করেন। চেষ্টা করেন আশা দিয়ে তাদের বাঁচিয়ে রাখতে।
উদ্ধার পাওয়ার পর হাসপাতালে নাজমুল রশীদ ফারুক
চিকিৎসকরা বলছেন, এ ধরনের দুর্যোগের অভিজ্ঞতা যাদের হয় কেবল তারাই নয়, উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীদের মধ্যেও নাজমুলের মতো প্রতিক্রিয়া হতে পারে।
উপযুক্ত খাবার ও চিকিৎসার পাশাপাশি তাদের মানসিকভাবে সুস্থ ও চাপমুক্ত রাখা না গেলে বড় ধরনের জটিলতার সৃষ্টি হতে পরে।
গত ২৪ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে সাভারের রানা প্লাজা যখন ধসে পড়ে, নাজমুল তখন কাজ করছিলেন ভবনের চতুর্থ তলায়। ২৬ এপ্রিল রাত ২টার দিকে তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।
আগের দিন ভবনে ফাটল ধরেছে জেনেও সেদিন তিনি কাজে গিয়েছিলেন বাধ্য হয়ে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক জানিয়ে দিয়েছিলেন, কাজে না এলে পাওনা ওভারটাইম দেয়া হবে না। কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল, ওই ফাটল থেকে বিপদজনক কিছু ঘটবে না।
মনে দ্বিধা নিয়েই অন্য সবার সঙ্গে সিঁড়ি বেয়ে চার তলায় উঠেছিলেন নাজমুল। কারখানায় কাজও শুরু হয়েছিল। কিন্তু বিদ্যুত চলে গেলে আট তলার ওপরে জেনারেটর চালু হওয়ার সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে রানা প্লাজা। ধসে পড়তে শুরু করে ইট আর কংক্রিটের চাঁই।
কম্পন টের পেলেও সামনের অংশে ওঠা ধুলা ঝড়কে প্রথমে আগুনের ধোঁয়া বলে মনে করেছিলেন নাজমুল।
“সবাই হুড়োহুড়ি করে সিঁড়ির দিকে যেতে থাকে। তবে আমি দাঁড়িয়ে থাকলাম। ভাবলাম, আতঙ্কিত হয়ে আঘাত না পেয়ে একটু পরেই নামি। কিন্তু প্রোডাকশন ম্যানেজারও যখন দৌঁড়াতে শুরু করল, তখন আমি আর দাঁড়াতে পারলাম না।”
নাজমুল কয়েক পা মাত্র এগিয়েছেন এমন সময় যেন শুরু হলো ‘মহাপ্রলয়’।
কিছুক্ষণ পর ভাইকে ফোন করার জন্য মোবাইল ফোন বের করলেও নেটওয়ার্ক পাওয়া গেলে না। এক পর্যায়ে সংজ্ঞা হারালেন নাজমুল।
“আবার কখন জেগেছি, কখন ঘুমিয়েছি তা বলতে পারব না। যতক্ষণ জেগে ছিলাম আশপাশে থাকা সাত/আটজনের সঙ্গে কথা বলেছি। ভেতরে বিশ্বাস ছিল, আমি বাঁচবোই। তাদেরও বার বার একই কথা বলেছি। অনেক চিৎকার করেছি পানির জন্য। মনে হয় সেই আওয়াজ কেউ শোনেনি।
“ঘোরের মধ্যে একবার মনে হলো কেউ একজন উদ্ধার করতে এসেছে। আমি কাকুতি মিনতি করলাম। কিন্তু সে গালমন্দ করল। এরপর এক সময় হঠাৎ মনে হলো আমাকে কেউ অনবরত ঘোরাচ্ছে। চমকে উঠে দেখি আমি হাসপাতালের বিছানায় শুয়ে।”
ধ্বংসস্তূপের নিচে বিভীষিকাময় ৬০ ঘণ্টায় এমন অনেক কিছু দৃশ্য নাজমুলকে দেখতে হয়েছে, যা সারা জীবন তাকে তাড়া করে ফিরবে।
“প্রচণ্ড পিপাসায় দুয়েকজন নিজেদের প্রস্রাব পান করল। তারপরই শুরু হলো বমি। এক মহিলার শরীরের অর্ধেকটা চাপা পড়েছিল দেয়ালে। চিৎ হয়ে শুয়ে অসহ্য যন্ত্রণায় ছটফট করছিল সে। চোখের সামনে দেখলাম মৃত্যু কতো ভয়াবহ হতে পারে। ”
উদ্ধারের পর এক দিন সম্মিলিত সামরিক হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছেন নাজমুল। পরিবারের সদস্য আর আত্মীয় স্বজনরা সারক্ষণই তাকে ঘিরে আছেন। কিন্তু চোখ বুজলেই ফিরে আসছে দুঃস্বপ্ন। সঙ্গে জ্বরও আসছে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিটিউটের সহকারী পরিচালক ডা. মুনতাসির মারুফ বলেন, মৃত্যু বা বড় ধরনের দুর্যোগের স্মৃতি এভাবে মনের ওপর চাপ ফেললে তাকে বলা হয় ‘ট্রমাটিক ইভেন্ট’।
‘ভিকটিম’ মাঝে মধ্যেই উত্তেজিত হয়ে উঠতে পারেন, থেকে থেকে চমকে উঠতে পারেন। কখনো আবার বিষণ্নতা গ্রাস করতে পরে তাকে। মানসিক চাপে শারিরীক সক্রিয়তাও বাধাগ্রস্ত হতে পারে।
“এসব ক্ষেত্রে প্রথম কাজ হবে ভিকটিমকে শারিরীকভাবে সুস্থ রাখতে খাদ্য, আবাসন ও সুচিকিৎসা নিশ্চিত করা। মানসিক চাপ থেকেও তাদের মুক্ত রাখতে হবে। পরিবারের সবার সঙ্গে খোলামেলা হৃদ্যতাপূর্ণ পরিবেশে তাদের রাখতে হবে।
ডা. মুনতাসির মারুফ বলেন, সেই অভিজ্ঞতার কথা বলতে তাদের উৎসাহ দিতে হবে। তবে কথা বলতে না চাইলে চাপ দেয়া যাবে না। ঘুম না হলে কিছু দিনের জন্য ঘুমের ওষুধ ব্যবহার করতে যেতে পারে।
তবে এ ধরনের ‘ট্রমাটিক ইভেন্ট’ এক মাসের বেশি সময় ধরে চলতে থাকলে তা বড় ধরনের বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে, যাকে চিকিৎসকরা বলেন ‘ট্রমাটিক ডিজঅর্ডার’।
ওই অবস্থায় রোগীকে চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত সাইকোথেরাপি দিতে হয় বলে ডা. মুনতাসির জানান।
