২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেল ও মিটফোর্ডে ‘পরিচয়হীন’ ৪০ লাশ

সাভারে ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা অসনাক্ত ৪০টি লাশ ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 07:05 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

Image
অসনাক্ত লাশগুলো দাফন করা হবে জুরাইন কবরস্থানে

অসনাক্ত লাশগুলো দাফন করা হবে জুরাইন কবরস্থানে

ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মেডিকেল কলেজ মর্গে ২৩টি এবং মিটফোর্ডের মর্গে ১৭টি লাশ রয়েছে।

মঙ্গলবার দুই মর্গ থেকে নয়টি লাশ সনাক্ত করা হয় বলে তিনি জানান।

ম্যাজিস্ট্রেট জানান, প্রতিটি লাশ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে বুধবার সকাল ১০টার পর লাশগুলো আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হবে। ইতোমধ্যে এর প্রস্তুতিও নেযা হয়েছে।

তিনি জানান, সাভারে উদ্ধারের পর এ পর্যন্ত মোট ৭০টি লাশ দুই হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর মধ্যে ৩০টি লাশ সনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয় বলে তিনি জানান।

সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তরা রানা প্লাজা গত ২৪ এপ্রিল ধসে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাতে সংসদে জানান, ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০৮ জনে দাঁড়িয়েছে।