মে দিবসে নানা কর্মসূচি
শ্রমিকের অধিকার আদায়ের রক্তাক্ত সংগ্রামের স্মরণে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকারি বিভিন্ন সংস্থা ও বিভিন্ন বেসরকারি সংগঠন।
ফাইল ছবি
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বুধবার সকাল ৮টায় শোভাযাত্রার আয়োজন করেছে। শ্রম ভবন থেকে দৈনিক বাংলা মোড় হয়ে বায়তুল মোকররমের উত্তর দিকে পল্টন মোড় ঘুরে প্রেসক্লাবে শেষ হবে এই শোভাযাত্রা।
সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে দুদিনব্যাপী মে দিবস মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়জুর রহমান জানান।
দেশে শ্রমিক-কর্মচারীদের সবচেয়ে বড় জোট ‘শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) উদ্যোগে সকাল ১০টা থেকে প্রেসক্লাব প্রাঙ্গণে সমবেত হবেন শ্রমিকরা।
একই সময়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) উদ্যোগে শ্রমিক সমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
এছাড়া বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট, জাতীয় নিট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফোরাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফোরাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), শ্রমিক জোট-বাংলাদেশ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, জাগো বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ইন্সটিটিউট অফ লেবার স্টাডিজসহ বিভিন্ন শ্রমিক সংগঠন সকাল থেকেই সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বাম মোর্চাসহ বামপন্থী দলগুলোও সভা ও সমাবেশে পালন করবে শ্রমিকের অধিকার আদায়ের দিনটি।
ন্যায্য পারিশ্রমিক, কাজের সময় আট ঘণ্টা করা ও সপ্তাহে একদিন ছুটির দাবিতে ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আন্দোলন গড়ে তোলে শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় সে বছর ১ মে ধর্মঘট চলাকালে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ।
ওই দিন ১০ শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়।
১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের দিনটিকে প্রতি বছর আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালনের ঘোষণা দেয়া হয়।
পরের বছর থেকে ১ মে সারাবিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে ‘মে দিবস’ পালিত হয়ে আসছে।
মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বাণী দিয়েছেন।
