শ্রমিক-মালিক ‘সুসম্পর্ক’ রেখে উৎপাদন বৃদ্ধির আহ্বান
মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বৃদ্ধিতে আরো নিবেদিত হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই দিন ১০ শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়।
১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়।
পরের বছর থেকে ১ মে সারাবিশ্বে শ্রমিক সংহতি আন্তর্জাতিক দিবস হিসেবে ‘মে দিবস’ পালিত হয়ে আসছে। বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যেম দিয়ে বুধবার দিবসটি পালন করবে বিভিন্ন সংগঠন।
মে দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্বের সব শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, “একটি দেশের উৎপাদন, উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। মেহনতি মানুষের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনের সাথে দেশের ভাগ্যোন্নয়ন জড়িত।”
শ্রমজীবী মানুষের অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও বিপুল জনগোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
অধিকারের দাবিতে প্রাণ দেয়া শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, “মালিক-শ্রমিকের মধ্যে ঐক্য ও সুসম্পর্ক বজায় রাখতে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আমরা বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করছি। জাতীয় শিশু শ্রমনীতি ২০১০ এবং জাতীয় শ্রমনীতি ২০১২ প্রণয়ন করা হয়েছে।
“আমি আশা করি, মহান মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক এবং মালিক পরস্পর সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে কল-কারখানার উৎপাদন বৃদ্ধিতে আরও নিবেদিত হবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হব।”
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এক বাণীতে বলেন, “মে দিবসের প্রেরণায় উজ্জীবিত হয়ে বিশ্বের কোথাও কোথাও যেমন সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও শোষণ-বঞ্চনা বহুলাংশে দূরীভূত হয়েছে আবার বিভিন্ন স্থানে নিপীড়িত শ্রমিকরা আজো তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত রয়েছেন।”
‘অস্তিত্বের স্বার্থে’ সব ধরনের অন্যায়, জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই অক্ষুন্ন রেখে নিজেদের অধিকার আদায় করে নেয়ার জন্য শ্রমজীবী মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
সরকার এ বছর মে দিবস পালন করছে ‘নিরাপদ কর্মপরিবেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ স্লোগান নিয়ে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ফয়জুর রহমান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, মে দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, মে দিবস মেলা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে দুই দিনব্যাপী ‘মে দিবস মেলার’ উদ্ভোধন করবেন । আন্তজার্তিক শ্রম সংস্থাসহ (আইএলও) বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ থাকবে এ মেলায়।
সব জেলায় যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য জেলা প্রশাসকদের অনুরোধ জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
সাভারের রানা প্লাজার দুর্ঘটনার জন্য এবারের মে দিবসের অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন করা হয়েছে জানিয়ে ফয়জুর রহমান বলেন, এবার সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দেয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাভারের ভবন ধসের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির প্রধান শ্রম পরিচালক আবু সাইদ মো. খুরশীদ বলেন, সুষ্ঠ তদন্তের স্বার্থে তদন্তের বিষয়ে কিছু বলা যাবে না।
সাভারের ভবন ধসের ঘটনায় গত ২৪ এপ্রিল তদন্ত কমিটি গঠন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
