ধামাচাপার চেষ্টা হচ্ছে: মোশাররফ
সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘হত্যা মামলা’ না করে সরকার ঘটনা ‘ধামাচাপা’ দেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সাভারে নিহতদের স্মরণে মঙ্গলবার এক শোক মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ অভিযোগ করেন।
তিনি বলেন, “সাভারের ঘটনা মানবসৃষ্ট এক বিপর্যয়। এর জন্য ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানা এবং স্থানীয় সাংসদসহ অনেকেই দায়ী। তাদের বিরুদ্ধে হত্যা মামলা করতে হবে।”
ভবন মালিক রানা, তার বাবা আবদুল খালেক এবং ওই ভবনে থাকা পাঁচ গার্মেন্টের চার মালিককে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে সাভার থানায় দুটি মামলা হয়েছে, যাতে ‘হত্যাচেষ্টার’ অভিযোগ আনা হয়েছে।
সাভারের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা হলে তার পরিণতি ‘ভয়াবহ’ হবে বলে হুঁশিয়ার করেন খন্দকার মোশাররফ।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ১৮ দলীয় জোটের এই শোক মিছিল বের হয়। মিছিলটি নয়া পল্টন থেকে মগবাজারে গিয়ে শেষ হয়।
একইদিন সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে শোক মিছিল করে বিএনপি। ১৮ দলীয় জোটের সব দলের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।
সাভারে প্রাণহানির ঘটনার পর উদ্ধার অভিযানে সরকারের বিরুদ্ধে অবহেলা ও গাফিলতির অভিযোগ এনে মোশাররফ বলেন, “প্রথম দুদিন সাধারণ মানুষ ধ্বংসস্তূপ থেকে চাপা পড়া মানুষ উদ্ধার করেছে। গণমাধ্যমের সংবাদে দেখেছি, ঘটনাস্থলে টর্চলাইট, হারিকেন, শাবলের জরুরি প্রয়োজনের কথা মাইকে প্রচার করা হচ্ছে। এ থেকে প্রমাণ হয়, সরকার উদ্ধার অভিযানকে গুরুত্ব দেয়নি।”
প্রথম দিন থেকে সরকার তৎপর থাকলে অনেক প্রাণ বাঁচানো যেত বলেও মন্তব্য করেন তিনি।
আহতদের সুচিকিৎসার ক্ষেত্রে সরকারে বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনেন এই বিএনপি নেতা
অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সহ-সভাপতি সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, জামায়াতে ইসলামীর নেতা ডা. রেদোয়ানউল্লাহ সাহেদী, শফিকুল ইসলাম মাসুদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলমগীর মজুমদার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ও পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন সমাবেশে উপস্থিত ছিলেন।
