শিশুদের জন্য সংসদে উঠল বিল
প্রতি থানায় শিশুদের জন্য আলাদা ডেস্ক গঠন এবং আলাদা পুলিশ কর্মকর্তা নিয়োগের বিধান রেখে ‘শিশু বিল-২০১৩’ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বিলটি উত্থাপন করেন।
জাতীয় সংসদ
প্রস্তাবিত আইনে আলাদা শিশু আদালত প্রতিষ্ঠার প্রস্তাব করে বলা হয়েছে, “আইনের সাথে সংঘাতে জড়িত শিশু বা আইনের সংস্পর্শে আসা শিশু কোন মামলায় জড়িত থাকলে, যেকোনো আইনের অধীনেই হোক না কেন, ওই মামলা বিচারের এখতিয়ার কেবল শিশু-আদালতের থাকবে।”
বিলে শিশু অপরাধী ও প্রাপ্ত বয়স্ক অপরাধীকে একসঙ্গে কোন অপরাধের দায়ে চার্জশিট না দেয়ার এবং জামিন দেয়ার বিধান রাখা হয়েছে।
এই আইনের অধীন বিচারাধীন কোন মামলা বা বিচার কার্যক্রম সম্পর্কে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া বা ইন্টারনেট মাধ্যমে কোন শিশুর স্বার্থের পরিপন্থী প্রতিবেদন, ছবি বা তথ্য প্রকাশ করা যাবে না। বিধান লঙ্ঘন করলে এক বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ডের শাস্তি দেয়ার প্রস্তাব করা হয়েছে।
বিলের ১৯৭৪ সালের আইন রহিত করারও প্রস্তাব রাখা হয়েছে।
