ভবন ও গার্মেন্ট মালিকদের অ্যাকাউন্টে লেনদেন বন্ধে চিঠি
রানা প্লাজার মালিক এবং ওই ভবনের পোশাক কারখানাগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন বন্ধ রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয় “হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী সাভারের রানা প্লাজা ধসে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার জন্য সংশ্লিস্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ তুলতে না দিতে আপনাদের নির্দেশ দেয়া হলো।”
এই নির্দেশনা অনুযায়ী, রানা প্লাজার মালিক মো. সোহেল রানা এবং নিউ ওয়েভ বটমস, ফ্যানটম অ্যাপারেলস, ফ্যানটম ট্যাক ও ইথারটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের ব্যাংক হিসাব থেকে টাকা তোলা যাবে না।
তবে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর তত্ত্বাবধানে রানা প্লাজার পোশাক কারখানাগুলোর শ্রমিকদের বেতন দেয়ার জন্য এসব অ্যাকাউন্ট থেকে অর্থ তোলা যাবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক কে এম আব্দুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রানা প্লাজার দুর্ঘটনার প্রেক্ষিতে আদালত যে নির্দেশ দিয়েছে আমরা তা প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংকগুলোকে জানিয়েছি।”
গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে কথিত যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন নয় তলা ভবনটি ধসে পড়ে, যার তৃতীয় তলা থেকে ওপরের দিকে পাঁচটি পোশাক কারখানা ছিল।
আগের দিন ফাটল ধরার পরও কর্মীদের সেখানে কাজে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন বেঁচে ফিরে আসা পোশাক শ্রমিকরা।
এ ঘটনায় রানা ও কারখানা মালিকদের বিরুদ্ধে সাভার থাকায় দুটি এবং শ্রম আদালতে পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় সোহেল রানা ও পাঁচ কারখানার চার মালিককে গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট সোমবার ভবন ও গার্মেন্ট মালিকদের ব্যাংক হিসাবে লেনদেন বন্ধের নির্দেশ দেয়।
