মাগুরার দুই শ্রমিকের লাশের অপেক্ষায় তাদের পরিবার
সাভারে ভবন ধসের ছয় দিন পরও সন্ধান মেলেনি মাগুরার পোশাক শ্রমিক আসাদ ও আশরাফের। এই দুই শ্রমিকের জীবিত থাকার আশা ছেড়েই দিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। তারা এখন শুধু তাদের লাশ ফেরত চান।
মাগুরা শহরতলীর দোয়ারপাড় এলাকার আসাদ ধসে পড়া রানা প্লাজার ৬ষ্ঠ তলায় ইথার টেক্স-এ কর্মরত ছিল দুর্ঘটনার সময়। ঘটনার পর থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত হতাহতদের মধ্যে আসাদের খোঁজ মেলেনি।
আসাদের শোকে তার বাবা আইনুদ্দিন ফকির হৃদরোগে আক্রান্ত হয়ে মাগুরা সদর হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন। আর কাঁদতে কাঁদতে নির্বাক হয়ে গেছেন আসাদের স্ত্রী কোহিনুর বেগম। মাঝে মধ্যে তার মুখ থেকে একটি কথাই বের হচ্ছে, “আমার স্বামীর লাশটি ফেরত চাই।”
অন্যদিকে শালিখা উপজেলার উজ গ্রামের আশরাফ হোসেন রানা প্লাজার ৭ম তলায় একটি পোশাক কারখানায় কোয়ালিটি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ভবন ধসের পর থেকে তিনিও নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলের কোথাও তার খোঁজ পায়নি।
আশরাফের স্ত্রী জোৎস্না তার দেড় বছরের ছেলে সন্তানকে বুকে নিয়ে এখনও সাভারে অপেক্ষা করছেন স্বামীর লাশের আশায়। আর গ্রামের বাড়িতে মা-বাবা ছেলের শোকে বিলাপ করছেন। তাদের দাবি, রানা প্লাজার ধ্বংসস্তূপের মধ্যে আশরাফের লাশ রয়েছে। ছেলের শাশটি উদ্ধার করে দ্রুত পরিবারের কাছে ফেরত দেয়ার দাবি জানিয়েছেন আশরাফের বাবা আকরাম হোসেন।
সাভারে বহুতল ভবন ধসে নিহতের সংখ্যা প্রায় চারশ’তে পৌঁছেছে। তাদের প্রায় সবাই পোশাক শ্রমিক। ভবনের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ২,৪৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৪শ’রও বেশি শ্রমিক।
