গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার পোড়াবাড়ির সালনা বন বিট এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় আরো অন্তত ১৫ জন।
নিহতরা হলেন- বাসচালকের সহকারি ময়মনসিংহের কোতোয়ালি থানার মাঝিহাটির হাফিজ উদ্দিন (২৭) ও বাসযাত্রী একই জেলার ধোবাউরা থানার রঘুরামপুর গ্রামের নূরুল ইসলাম (৩৫)।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, সকাল সোয়া ৭টার দিকে পোড়াবাড়ি এলাকায় গাছের গুড়ি বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ময়মনসিংহগামী আলম এশিয়া পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় হাফিজ ও নূরুল ইসলাম মারা যান।
গুরতর আহত কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
