২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে গণপূর্ত কর্মকর্তার ২৫ বছর সাজা

দুর্নীতির মামলায় গণপূর্ত বিভাগের সাবেক কর্মকর্তাকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 11:47 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আতাউর রহমান এ রায় দেন।

দণ্তি আবদুল মান্নান গাজী গণপূর্ত (ইএম) আগ্রাবাদ বিভাগের বিভাগীয় হিসাব রক্ষক ছিলেন। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের পিপি মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় দিয়েছেন।

তিনি বলেন, আদালত পৃথক পাঁচটি ধারায় প্রতিটিতে পাঁচ বছর করে দণ্ডাদেশ এবং চারটি ধারায় দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পাঁচ বছর করে ২৫ বছর দণ্ডাদেশ দেওয়া হলেও সব সাজাই একত্রে কার্যকর হবে বলে বিচারক আদেশে উল্লেখ করেছেন।

আবদুল মান্নান ২০০০ সালের ১০ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত গণপূর্তের একটি প্রকল্পের সিডিউল বিক্রির ক্ষেত্রে এক লাখ ৭০ হাজার ৪৫৫ টাকা জাল জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন।

এই ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সাবেক সহকারী পরিদর্শক মোজাম্মেল হক বাদী হয়ে ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় পৃথক পাঁচটি ধারায় মামলা করেন।

পরবর্তীতে ২০০৮ সালের ২৪ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল এবং ২০১০ সালের ৩ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আইনজীবী মাহমুদ জানান, আদলত আসামিকে ৪০৯ সধারায় ৫ বছর সশ্রম দণ্ডাদেশ এবং দুই হাজার টাকা জরিমানা, ৪২০ ধারায় ৫ বছর, দুইহাজার জরিমানা, ৪৬৮ ধারায় ৫ বছর, ৪৭৭ ধারায় ৫ বছর দণ্ডাদেশ ও দুই হাজার টাকা জরিমানা এবং ১৯৮৭ সালে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় আরও পাঁচ বছর দণ্ডাদেশ এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়।